
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতির জনক বলে খ্যাত মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তুলনা করেছেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। গতকাল বৃহস্পতিবার ভারতের কেরালা রাজ্যের কলপেট্টার একটি জনসভায় ওই রাজ্যের ওয়ানাড কেন্দ্রের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানান। তিনি বলেন, নাথুরাম গডসে আর নরেন্দ্র মোদি একই চিন্তাধারায় বিশ্বাসী, কোনও তফাত নেই। শুধু নরেন্দ্র মোদির বুকের পাটা নেই যে তিনি বলবেন, তিনি নাথুরাম গডসে বিশ্বাসী।নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাহুল বলেন, মোদি যেমন নিজেকে ভালোবাসেন আর বিশ্বাস করেন, তেমনি নাথুরাম গডসেও কাউকে ভালোবাসতেন না ও বিশ্বাস করতেন না, শুধু নিজেকে ছাড়া।
এরপরেই রাহুল ভারতে কর্মসংস্থানের দুরাবস্থা নিয়ে মোদিকে আক্রমণ করে বলেন, খেয়াল করবেন, অপনি বেকারত্ব আর কর্মসংস্থান নিয়ে মোদিকে প্রশ্ন করলেন উনি সঙ্গে সঙ্গে মনযোগ ঘুরিয়ে দেবেন।রাহুল এদিন ভারতের মাটিতে এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে মোদিকে কটাক্ষ করে বলেন, ভারতীয়দের এখন প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভারতীয়।রাহুল বলেন, ‘আমি ও আপনারা ভারতীয় কি না সেটা সিদ্ধান্ত নেওয়ার নরেন্দ্র মোদি কে? ওনাকে কে এই ক্ষমতা দিয়েছে কে ভারতীয় আর কে ভারতীয় নয় তা ঠিক করার। আমি জানি ও আপনারাও জানেন আমরা সকলেই ভারতীয়। তাই তার জন্য আমি বা আমরা কাউকে প্রমাণ দিতে যাবো না।’এদিন এই জনসভার পরেই তিনি ভারতের নাগরিকত্ব আইনের বিরোধিতায় ‘সংবিধান বাঁচাও’ শীর্ষক শ্লোগানে পদযাত্রায় সামিল হন।