
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে বিপর্যস্ত চীনের হুবেই প্রদেশের ৩০ কোটিরও বেশি মুরগি এখন মৃত্যুর মুখে। প্রাণঘাতী করোনা ভাইরাস সেখানে মহামারি আকার ধারণ করায় অঞ্চলটির সঙ্গে ইতোমধ্যেই চীনের অন্যান্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ফলে প্রাণীদের খাবার সরবরাহ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। এতেই বিপন্ন হয়ে পড়েছে বিপুলসংখ্যক মুরগি।ইতোমধ্যেই স্থানীয় পোলট্রি অ্যাসোসিয়েশন সরকারের কাছে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় প্রাণী খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। তবে এ ব্যাপারে এখনও কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।সম্প্রতি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলে উহান শহরে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ ও যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। ফলে কার্যত হুবেই প্রদেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পণ্যসামগ্রীর বাজারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যেই অঞ্চলটিতে অপরিশোধিত সয়াবিনের ঘাটতি দেখা দিয়েছে।