
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা' পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আরব লিগ। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার টুকুও দেওয়া হয়নি বলে বৈঠক শেষে এক বিবৃতিতে জানায় আরব লিগ। একই বৈঠকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় ফিলিস্তিন। এদিকে, ট্রাম্পের ঘোষণা দ্বিরাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে চীন। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের তথাকথিত 'মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা' প্রকাশের পর তীব্র সমালোচনা আর বিতর্কের মধ্যেই ঐ প্রস্তাবে আরব দেশগুলোর অবস্থান স্পষ্ট করার জন্য জরুরি বৈঠক ডাকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জোট আরব লিগ।
মিশরের রাজধানী কায়রোয় আয়োজিত ঐ বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশাপাশি সৌদি আরব ও বাহরাইনসহ আঞ্চলিক এ সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এতে ট্রাম্প প্রস্তাবিত শতাব্দীর সেরা চুক্তি নামের কথিত পরিকল্পনা প্রত্যাখ্যান করার ব্যাপারে একমত হন আরব লিগভুক্ত দেশগুলো। তাদের দাবি, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঐ চুক্তিতে ফিলিস্তিনিদের অধিকার ও আকাঙ্ক্ষার ন্যূনতম প্রতিফলনও নেই। আরব লিগের মহাসচিব আবুল ঘেইত বলেন, আজকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের অবস্থান পরিষ্কার করতে আরব লিগের এ সিদ্ধান্ত বড় একটা সুযোগ। ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা কোনোভাবেই ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব বন্ধ করতে পারবে না। হাজার হাজার বছরের ইতিহাস একটি ঘোষণার মাধ্যমে মুছে ফেলা সম্ভব না। একই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।