News71.com
 International
 05 Feb 20, 11:36 AM
 196           
 0
 05 Feb 20, 11:36 AM

বড় ধরনের রদবদল॥ সংযুক্ত কম্যান্ড গড়ছে ভারতীয় সেনাবাহিনী

বড় ধরনের রদবদল॥ সংযুক্ত কম্যান্ড গড়ছে ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ বিরাট মাপের পরিবর্তনের মুখে ভারতীয় সামরিক বাহিনী। স্থল, নৌ এবং বিমান বাহিনীর আলাদা আলাদা কম্যান্ড আর নয়, ‘ইন্টিগ্রেটেড’ বা ‘সংযুক্ত কম্যান্ড’ তৈরি হতে চলেছে দেশের প্রত্যেকটি প্রান্তের জন্য। জানালেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়ত। যে কোনও পরিস্থিতির মোকাবিলা বা যে কোনও মুহূর্তে অভিযানের জন্য বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত রাখতেই কাঠামো এ ভাবে ঢেলে সাজানো হচ্ছে। এটাকে বাহিনীর ইতিহাসে বৃহত্তম কাঠামোগত পরিবর্তন বলছেন বিশেষজ্ঞরা। স্থলবাহিনীর প্রধান পদ থেকে অবসর নেওয়ার পরে দেশের প্রথম সিডিএস পদে আসীন হয়েছেন জেনারেল বিপিন রাওয়ত। দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বার পরবর্তী পরিকল্পনা নিয়ে মুখ খুললেন জেনারেল রাওয়ত। যা জানালেন, তাতে স্পষ্ট যে, দেশের সশস্ত্র বাহিনী খুব বড় পরিবর্তনের সামনাসামনি হতে চলেছে। তিন বাহিনীকে ‘একটি অবিচ্ছিন্ন সশস্ত্র বাহিনী’তে পরিণত করা তাঁর লক্ষ্য— জানিয়েছেন রাওয়ত।

দেশের নতুন যে ‘মিলিটারি কম্যান্ড’গুলি তৈরি হতে চলেছে, সেগুলিতে তিন বাহিনীর সব রকমের যুদ্ধক্ষমতা, পরিবহণ ব্যবস্থা এবং লোকবলকে একছাতার তলায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। সমর বিশারদ তথা অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় বলছেন, ‘‘এখন ভারতের সশস্ত্র বাহিনী তিন ভাগে বিভক্ত একটি বাহিনী হিসেবে কাজ করে। বাহিনীকে বিভিন্ন কম্যান্ডে ভাগ করেই রাখা হয়েছে। কিন্তু দেশের সব অংশেই স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনার আলাদা আলাদা কম্যান্ড। কোনও অভিযান চালাতে হলে বা কোনও যুদ্ধের প্রস্তুতি নিতে হলে তিন বাহিনীর বিভিন্ন রকম সক্ষমতাকে প্রয়োজন অনুসারে এক ছাতার তলায় আনার কাজ শুরু হয়। কিন্তু এটা একটা প্রচীন পদ্ধতি। আধুনিক অভ্যাস অন্য রকম। সেই অভ্যাস রপ্ত করার প্রক্রিয়াটাই শুরু হচ্ছে।’’

পশ্চিমে অর্থাৎ পাকিস্তান সীমান্তে ওয়েস্টার্ন কম্যান্ড এবং সাউথ-ওয়েস্টার্ন কম্যান্ড, উত্তরে অর্থাৎ তিব্বত ও নেপাল সীমান্তে নর্দার্ন কম্যান্ড, পূর্বে অর্থাৎ চিন, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সীমান্তে ইস্টার্ন কম্যান্ড, দক্ষিণ ভারতের জন্য সাদার্ন কম্যান্ড— এমন নানা ভাগ রয়েছে ভারতের স্থলসেনা ও বায়ুসেনায়। নৌসেনায়ও ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সাদার্ন কম্যান্ড রয়েছে। কিন্তু তিন বাহিনীর এই সব কম্যান্ড আলাদা আলাদা ভাবে কাজ করে। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে বা কোনও প্রতিপক্ষের সামরিক সঙ্গে সঙ্ঘাতে যেতে হলে প্রয়োজনীয়তা নির্ধারণ করে এই তিন বাহিনীর নানা অংশকে এক ছাতার তলায় আনতে হয়। তার পরেই পুরোদস্তুর অভিযান শুরু করা যায়।

এক একটা ইন্টিগ্রেটে় কম্যান্ডের চেহারা কেমন হবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন— দেশের যে সীমান্ত বা যে অঞ্চলের জন্য বাহিনীর যে রকম সক্ষমতা প্রয়োজন, সেই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কম্যান্ডের অধীনে সেই সব রকমের সক্ষমতাই সমন্বিত করা হবে। অর্থাৎ নতুন করে তৈরি করা কম্যান্ডগুলিতে স্থলসেনার সঙ্গে বায়ুসেনার ইউনিটকে জুড়ে দেওয়া হবে। কোথাও নৌসেনার সঙ্গে বায়ুসেনা বা স্থলসেনাকে জোড়া হবে। কর্নেল (অবসরপ্রাপ্ত) রায়ের কথায়, ‘‘ধরা যাক পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হল। তখন শুধু স্থলসেনা বা শুধু বায়ুসেনা তো লড়বে না। স্থলসেনার ইনফ্যান্ট্রি বাহিনী, আর্টিলারি বাহিনী, আর্মার্ড বাহিনীকে যেমন কাজে লাগবে, তেমনই অ্যাটাক হেলিকপ্টার বা ফাইটার জেটেরও প্রয়োজন পড়বে। প্রয়োজন পড়বে অস্ত্রশস্ত্র, পণ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মজবুত রাখার। প্রয়োজন পড়বে ক্ষেপণাস্ত্রের। নতুন যে ইন্টিগ্রেটেড থিয়েটার কম্যান্ড’ তৈরি করা হবে, সেই কম্যান্ডের অধীনে এই সবই থাকবে। অর্থাৎ স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা বি‌ভিন্ন থিয়েটার কম্যান্ডের অধীনে একসঙ্গে কাজ করবে।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন