News71.com
 International
 05 Feb 20, 11:46 AM
 271           
 0
 05 Feb 20, 11:46 AM

সরকারি হিসেবে আক্রান্ত ২১ হাজার॥ করোনা ঠেকাতে মার্কিন সাহায্যে রাজি চিন

সরকারি হিসেবে আক্রান্ত ২১ হাজার॥ করোনা ঠেকাতে মার্কিন সাহায্যে রাজি চিন

আন্তর্জাতিক ডেস্কঃ সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছিল বছর ১৬-র ছেলেটি। মা বেঁচে নেই। তাঁর বাবাই সব রকম দেখাশোনার দায়িত্বে ছিলেন। কথা বলা, হাঁটাচলা, নিজে হাতে খাওয়া কোনওটাই সম্ভব ছিল না ওই কিশোরের পক্ষে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁর বাবাকে গত ২২ জানুয়ারি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। ছেলে ইয়ান চেংকে দেখার কেউ ছিল না আর। এক ভাই থাকলেও তাঁকেও একই কারণে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। বাবা-ভাইকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার এক সপ্তাহ পরে মারা যায় ইয়ান। সংবাদমাধ্যমে দাবি, ওই এক সপ্তাহের মধ্যে মাত্র দু’বার খেতে দেওয়া হয়েছিল ইয়ানকে। স্থানীয় কমিউনিস্ট পার্টির সেক্রেটারি এবং হুয়াজিয়াহে শহরের মেয়রকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বলে দাবি। ঘটনাটি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

চিনের মধ্য হুবেই প্রদেশে থাকত ইয়ানরা। করোনাভাইরাসের ‘কেন্দ্র’ বলে মনে করা হচ্ছে এই প্রদেশকে। ২২শে জানুয়ারি আলাদা করে রাখার পাঁচ দিন পরে ইয়ানের বাবার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইয়ানের বাবা চিনের সোশ্যাল মিডিয়া ওয়েইবো-তে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন, খাবার আর জলটুকুও নেই ছেলের কাছে। কিন্তু তাতেও কিছু করা যায়নি। মঙ্গলবার চিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪২৫। আমেরিকা অহেতুক এই রোগ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, এমন অভিযোগ তুললেও আজ চিন প্রশাসন জানিয়েছে, মার্কিন সাহায্য নিতে তাদের কোনও রকম আপত্তি নেই। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং আজ বলেছেন, ‘‘আমেরিকা একটি নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ যুক্তিযুক্ত অবস্থান নিক। অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করুক। আমেরিকা বারবারই সহায়তা করার আগ্রহ দেখিয়েছে। চিন সেটা জানে। আমাদের আশা, দ্রুত আমরা সাহায্য পাব।’’ হোয়াইট হাউসও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মার্কিন বিশেষজ্ঞদের এই ভাইরাস সংক্রান্ত গবেষণা ও লড়াইয়ের প্রস্তাবে সায় দিয়েছে চিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন