
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহান প্রদেশ থেকে ছড়ানো নভেল করোনাভাইরাসের (২০১৯-এনসিওভি) বিশ্বজুড়ে বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে ৬৭ কোটি ৫০ লাখ (৬৭৫ মিলিয়ন) ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। প্রাণঘাতী এ ভাইরাস যাতে আর ছড়াতে না পারে এবং দুর্বল স্বাস্থ্যসেবা রয়েছে--এমন দেশগুলোকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত করতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে এই অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে সংস্থাটি। জরুরি এ তহবিল প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসাস বলেন, সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল-এমন অনেক দেশ আছে যাদের এই ভাইরাসে সংক্রমিতদের শনাক্ত করা, এমনকি কোথা থেকে এর উদ্ভব হতে পারে, তা শনাক্ত করার মতো পদ্ধতি নেই। আক্রান্তদের শনাক্ত করা, পরীক্ষা-নিরীক্ষা এবং তাদের সেবা নিশ্চিতে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে শক্তিশালী করার পাশাপাশি মানুষ থেকে মানুষে ছড়ানো ঠেকাতে এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সহায়তা দেয়া প্রয়োজন।
এ কারণে এ তহবিল চাওয়া হয়েছে। দুর্বল স্বাস্থ্যসেবার এসব দেশ যাতে করোনাভাইরাস ঠেকানোর মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে সেজন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়গুলো নিশ্চিত করা হবে স্ট্র্যাটেজিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান- এসপিআরপি’র আওতায়। আর এটি করতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তার প্রয়োজন হবে বলে জানান তিনি। ঝুঁকির মুখে থাকা দেশগুলোতে মানুষ থেকে মানুষে এই ভাইরাসের বিস্তার কমিয়ে আনা; প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের শনাক্ত, অন্যদের থেকে আলাদা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা; গুরুতর ঝুঁকি এবং তথ্য সংগ্রহ, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব কমিয়ে আনা, প্রাণীদের মধ্যে থেকে ভাইরাসটির বিস্তার কমানো এবং অজানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।