
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ১ হাজার ২০৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাড়িতে ফিরেছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৫ জনের মৃত্যুর সংবাদের পাশাপাশি এই সংখ্যক লোকের সুস্থতার সংবাদ দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সংবাদমাধ্যমটির দেয়া সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র চীনেই এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৩৭ জন। সেখানে মারা গেছেন ৫৬৩ জন। এর বাইরে হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২২ জন, মারা গেছেন একজন। ম্যাকাওতে আক্রান্তের সংখ্যা ১০ এবং তাইওয়ানে ১৩। এশিয়ার অন্য দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১৫২ এবং মৃত্যুর সংখ্যা একজন। ইউরোপে আক্রান্ত ২৬ জন। উত্তর আমেরিকায় ১৭ জন। অস্ট্রেলিয়া ও তার আশেপাশের ভূখণ্ডে আক্রান্ত ১৪ জন। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশগুলোতে আক্রান্ত হয়েছেন সাতজন।