News71.com
 International
 06 Feb 20, 08:25 PM
 197           
 0
 06 Feb 20, 08:25 PM

বাংলাদেশের ৫শ’ কোটি ডলারের আইটিখাতে অংশীদার হবে ব্রিটেন॥ প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশের ৫শ’ কোটি ডলারের আইটিখাতে অংশীদার হবে ব্রিটেন॥ প্রতিমন্ত্রী পলক

আন্তর্জাতিক ডেস্কঃ প্রযুক্তিখাতে বিনিয়োগে অপার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। ব্রিটেনের হাউজ অব লর্ডসে বাংলাদেশি ও ব্রিটিশ উদ্যোক্তাদের উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতকে ৫শ' কোটি মার্কিন ডলারের খাত হিসেবে গড়ে তোলা হবে। আর, এ অগ্রযাত্রায় ব্রিটেন অন্যতম অংশীদার হতে যাচ্ছে বলেও জানান পলক। ব্রিটেনের হাউজ অব লর্ডসে আয়োাজিত 'ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ, ফ্রম ফিনটেক টু হাই-টেক' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে দেড় শতাধিক স্থানীয় ও বাংলাদেশি-ব্রিটিশ উদ্যোক্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাংলাদেশের আইটি সেক্টরের অগ্রযাত্রার বাস্তব গল্প ও আগামীদিনের মহাপরিকল্পনার চিত্র তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরাও তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা জানান তারা। বলেন, উন্নয়নশীল দেশে কিভাবে বিনিয়োগ করা যায় সেটা ভাবা হচ্ছে। সেটা নিয়ে কাজ করা হচ্ছে, সেটা হতে পারে আইটি খাতে। বঙ্গবন্ধু স্টার্ট-আপ ইনোভেশন গ্র্যান্টের কথা উল্লেখ করে বাংলাদেশি-ব্রিটিশ তরুণ উদ্যোক্তাদের তাদের উদ্ভাবনী প্রকল্পের প্রস্তাব সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগে প্রদানের আহ্বান জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম। সেমিনারে ব্রিটিশ মন্ত্রী, এমপি, হাউজ অব লর্ডসের সদস্যসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার ওপর দু'টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন