
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ আর অব্যাহত তুষারপাতের মধ্যেই দেশটির আলাবামা, নর্থ ক্যারোলাইনাসহ অন্তত ১২টি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে প্রচণ্ড ঝড়। এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও কোথাও কোথাও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এদিকে, তীব্র তুষারপাতের মধ্যেই ভয়াবহ তুষারঝড় ও ঝড়ো বাতাসের কবলে পড়ে বলকান রাষ্ট্র সার্বিয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অব্যাহত তুষারপাত আর তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের আলাবামা, নর্থ ক্যারোলাইনাসহ অন্তত ডজনখানের অঙ্গরাজ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে আঘাত হানে প্রচণ্ড ঝড়। সেইসঙ্গে, অব্যাহত থাকে বৃষ্টিপাত। এতে, অনেক অঞ্চলেই আকস্মিক বন্যার কবলে পড়েন স্থানীয়রা। হতাহতের খবরও আসে কয়েকটি শহর থেকে। ঝড়ে আলাবামা এবং নর্থ ক্যারোলাইনার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্যাহত হচ্ছে বিমান চলাচল। এছাড়াও, শার্লটে জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। অন্যদিকে, তীব্র তুষারপাতের পাশাপাশি বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় আঘাত হেনেছে সার্বিয়া, ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলেও। এতে, সার্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ভেতর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এছাড়াও, ঝড়ে দুর্ঘটনার কবলে পড়া আরও অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়।