
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। সংসদে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে নিয়ে মন্তব্যের জেরে মোদীর কড়া সমালোচনায় সরব লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর। কাশ্মীর ইস্যুতে মোদীকে তোপ দেগে অধীর বলেন, ‘শুধু আবেগ দিয়েই নয়, বাস্তবিকভাবেই কাশ্মীর ভারতেরই অঙ্গ।’ একইসঙ্গে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির বিরুদ্ধে জন সুরক্ষা আইন প্রয়োগ করায় কেন্দ্রের সমালোচনায় সরব বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর গত বছরের ৫ অগাস্ট থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহব্নদি করে রাখা হয়েছে। এবার তাঁদের উপর লাগু করা হয়েছে জন সুরক্ষা আইন। উপত্যকার এই দুই নেতা-নেত্রীর উপর জন সুরক্ষা আইন লাগু হওয়ায় টুইটে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। এবার সংসদে বিষয়টি নিয়ে সরব হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
তিনি বলেন ৬ মাস ধরে গৃহবন্দি কাশ্মীরি নেতারা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রায় ৬ মাস ধরে গৃহবন্দি হয়ে রয়েছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। এবার মোদী সরকার তাঁদের উপর জন সুরক্ষা আইন প্রয়োগ করায় সেই বন্দিদশা আরও বাড়তে চলেছে। জন সুরক্ষা আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে আদালতে না নিয়ে গিয়েও এই আিনের বলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সংবাদসংস্থা এনআইকে অধীর চৌধুরী বলেন, ‘শুধু আবেগ দিয়েই নয়, বাস্তবিকভাবেই কাশ্মীর ভারতেরই অঙ্গ। এবিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কাশ্মীরে এই ধরনের শাসনও চলতে পারে না। ’