
আন্তর্জাতিক ডেস্কঃ আন্দোলনের মাধ্যমে বিরোধীদল কংগ্রেস পাকিস্তানিদের ভারতের নাগরিক করতে চায় বলে মন্তব্য করেছে বিজেপি। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দলটি নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভীর। কংগ্রেসের কথা মতো বিজেপি উদার হলে, বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে আসবে বলেও মন্তব্য করেন বিজেপির আরেক নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। ক্ষমতাসীনদের এমন সমালোচনার মধ্যেও আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছে বিরোধীদলগুলো। এ অবস্থায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে জমা পড়েছে প্রায় ৮০ লাখ আবেদন। দিল্লির শাহীনবাগে রোববারও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। দিনে দিনে উপস্থিতি সংখ্যা কমে এলেও, প্রতিবাদ থামবে না বলে জানান আন্দোলনকারীরা।
একই দিন মুম্বাইয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সংগঠন সিএএ'র পক্ষে পাল্টা সমাবেশ করে। এতে সংগঠনটি অভিযোগ করে, আশপাশের দেশগুলো থেকে ভারতে প্রচুর বিদেশি নাগরিক এসেছে। তাদের তাড়ানো না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বিজেপি নেতারাও সিএএ'র বিরোধিতাকারীদের এক হাত নিয়েছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বার নাকভী অভিযোগ করেন, কংগ্রেস আন্দোলনকারীদের ইন্ধন দিচ্ছে। যা দলটিকে করুণ পরিণতির দিকে নিয়ে যাবে। তিনি বলেন, 'কংগ্রেসকে লিস্ট দেয়ার আহ্বান জানাচ্ছি, তারা সরাসরি বলুক কতজন পাকিস্তানিকে ভারতের নাগরিকত্ব দিতে হবে? সিএএ'র কারণে ভারতে মুসলিমরা বিপদে পড়বেন এমন কথা বারেবারে বলা হচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় আছেন, ততদিন মুসলিমদের কোনো ক্ষতি হবে না।'