
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা যেমন বাড়ছে তার সঙ্গে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের। নার্সদের নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে একটি পোস্টে দেখা গেল, কীভাবে চীনের নার্সরা নিজেদের মুখের আকৃতিই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনা ভাইরাসের সঙ্গে লড়তে লড়তে । পিপলস ডেইলি চায়না তাদের টুইটার হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে নার্সদের মুখের উপর নানান জায়গায় দাগ বসে গিয়েছে। এক নার্সের চোখের নিচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মাস্ক পরে সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আর এক নার্সের নাকের উপর রক্ত জমে থাকতে দেখা গেছে। কারও কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গেছে। চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট। টুইটের পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তাদের প্রশংসা পাচ্ছেন।