
আন্তর্জাতিক ডেস্কঃ ঘোষিত হল দিল্লি নির্বাচনের ফলাফল। শেষ পর্যন্ত দেখা গেল মাত্র ৮ টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। জনাদেশ মেনে ৬২ টি আসনে জয়ী আম আদমি পার্টি। কংগ্রেসের ঝুলিতে আসন সংখ্যা শূন্য। সকাল থেকেই এই ফলাফলের ট্রেন্ড অবশ্য দেখা গিয়েছিল। প্রচুর আসনে এগিয়ে ছিল আম আদমি পার্টি। জোট বেলা বেড়েছে ততই আরও বেড়েছে আপ-এর জয়ের মার্জিন। একটা সময় বিজেপি যেখানে ২০ টি আসনে এগিয়েছিল, সেখানে দিনের শেষে মাত্র ৮ টিতেই থামতে হয় বিজেপিকে। পুঁজি বলতে গত ৫ বছরের কাজ। তা নিয়েই দিল্লির বাজি জিতলেন অরবিন্দ কেজরিওয়াল। হেলায় ওড়ালেন গেরুয়া শিবিরকে।
রাজনৈতিক মহলের মতে, কাজে বাজি-মাত কেজরির।‘আকাশজোড়া’ এই সাফল্যে উচ্ছ্বসিত কেজরিওয়াল নিজেই। সাফল্যের ভাগীদার তাঁর স্ত্রীও। আজ কেজরিওয়ালের স্ত্রীর জন্মদিন। আম আদমির সামনেই স্ত্রী সুনীতাকে জন্মদিনের শুভেচ্ছা ভাবী মুখ্যমন্ত্রীর। ধন্যবাদ জানালেন বজরংবলীকেও। কয়েকদিন আগেই বজরংবলীর কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন হনুমানজি। বিপুল এই সাফল্যের পর কেজরিওয়াল বলেন, ‘আজ মঙ্গলবার। বজরংবলীর দিন। আজ তিনি দিল্লির উপর কৃপা করেছেন। এভাবেই আগামী পাঁচ বছর দিল্লিকে দেখবেন হনুমানজি’। কাজেই এল না বিজেপির ধর্মীয় বিভাজনের নীতি। গেরুয়া শিবিরের সব হিসেব একাই ওলট-পালট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। একার কাঁধেই বিজেপির যাবতীয় আক্রমণ সামাল দিয়েছেন কেজরি। দিল্লি ভোটের প্রচারে মোদী-শাহরা প্রায় গোটা মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়েছিলেন।