
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চলতি মাসেই চূড়ান্ত আঘাত হানতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির চিকিৎসকরা। বর্তমানে আক্রান্তের সংখ্যা কমলেও এ মাসেই তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে বলে ধারণা তাদের। চীনের একজন বিখ্যাত চিকিৎসক জং ন্যানসান। তিনি ২০০৩ সালে সার্সের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা উপদেষ্টা হিসেবে ভূমিকা আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছিলেন। জং ন্যানসান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বেশ কয়েকটি প্রদেশে পরিস্থিতির উন্নতি ঘটছে। নতুন আক্রান্তের সংখ্যা কমে আসছে। রোগ নিয়ন্ত্রণে উহানে যে পদক্ষেপ নেয়া হয়েছে, সেটাকে অপরিহার্য বলে আখ্যায়িত করেন এই চিকিৎসা বিশেষজ্ঞ। আর বন্যপ্রাণীর ব্যবসা স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত বলেও মনে করেন তিনি। জং ন্যানসান বলেন, রোগ নিয়ন্ত্রণ কলাকৌশলে আরও উন্নতি করার দরকার চীনের। সংক্রামক রোগের ক্ষেত্রে বৈশ্বিক আগাম সতর্কবার্তার বিষয়ে জোর দিয়েছেন তিনি। সরকারের পদক্ষেপ ও সাম্প্রতিক আক্রান্ত হওয়ার ঘটনাবলীর ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেয়া হয়েছে বলে তিনি বলেন।