News71.com
 International
 13 Feb 20, 01:01 PM
 227           
 0
 13 Feb 20, 01:01 PM

আসামে আচমকা এনআরসির তথ্য গায়েব॥ আক্ষেপ সাধারণ জনগণের

আসামে আচমকা এনআরসির তথ্য গায়েব॥ আক্ষেপ সাধারণ জনগণের

নিউজ ডেস্কঃ সরকারি ওয়েবসাইটে থাকা ভারতের আসামের জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) সব তথ্য গায়েব হয়ে গেছে। গত দুই মাস ধরে ওয়েবসাইটে থাকা কোনো তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন খবর প্রকাশ হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলগুলো। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে রাজ্য বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শইকিয়া বলেন, এনআরসির ওয়েবসাইট থেকে সব তথ্য হাওয়া হয়ে গেছে। তালিকায় কার নাম আছে কিংবা কার নাম বাদ পড়েছে, এসবের কিছুই জানা যাচ্ছে না। আচমকা যেভাবে এগুলো গায়েব হয়ে গেল তা রহস্যজনক। আসামে এনআরসির কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এসব তথ্য সংরক্ষণ করে রাখার জন্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু তখনকার কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা চুক্তি নবায়ন করেননি। তাই ১৫ ডিসেম্বর থেকে এমন সমস্যা দেখা দিয়েছে। রাজ্যের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গণমাধ্যমকে বলেন, প্রযুক্তি সংস্থার সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে। তা সমাধানে কথাবার্তা চলছে। আশা করা হচ্ছে দু-একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, ভারতের সুপ্রিমকোর্টের নির্দেশে গত বছরের সেপ্টেম্বরে আসামে এনআরসি করা হয়। তখন নাগরিক তালিকা থেকে বাদ পড়েন প্রায় ১৯ লাখ মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন