
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সফর নিয়ে খুবই উদগ্রীব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রমাণ মিললো তার করা এক টুইটে। টুইটে ট্রাম্প লিখেছেন মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে রয়েছেন। দুই সপ্তাহের মধ্যে মধ্যেই আমি ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুণছি এখন।' আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্সট লেডি মেলানিয়া ট্রাম্পকে ভারত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে দারুণ ভাবে ভারতে স্বাগত জানানো হবে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের তরফ থেকে এমনভাবে স্বাগত জানানো হবে যে তা চিরদিন মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্প, একথাও বলেন প্রধানমন্ত্রী মোদি।
ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘ভারত আমাদের সম্মানিত অতিথিদের মনে রাখার মতো করে স্বাগত জানাবে। এই সফর একটি বিশেষ সফর এবং এটি ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ়তর করতে সাহায্য করবে, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দু'দেশের সম্পর্ককে’। ভারতে পা রাখার পর সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে গুজরাটের আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি। মোতেরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে দেশের হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময়েই ভারত ও আমেরিকার মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে ট্রাম্পের ভারত সফরের মূল উদ্দেশ্য এই বাণিজ্য চুক্তি হলেও দু'দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে একসঙ্গে পদক্ষেপ নেওয়া সহ আরও নানা বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।