
আন্তর্জাতিক ডেস্কঃ আসামের সরকারি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে জাতীয় নাগরিকপঞ্জির গোটা তালিকা! গত প্রায় দু’মাস ধরে ওয়েবসাইটে কোনো তথ্য মিলছে না বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। কারণ যাদের তালিকায় নাম নেই, তারা আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছেআসামসহ ভারতজুড়ে। শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর এ নিয়ে অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এ ঘটনায় ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন আসামে এনআরসির আহ্বায়ক হিতেশ দেব শর্মা। তার বক্তব্য, সমস্ত তথ্য সুরক্ষিত আছে। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে। তবে ঘটনায় রাজনৈতিক চক্রান্তের গন্ধও পাচ্ছেন অনেকে। বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এনআরসি সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এনআরসির চূড়ান্ত তালিকায় কাদের নাম রয়েছে বা কাদের নাম বাদ গেছে, তা জানার জন্য একটি ওয়েবসাইট চালু করেছিল সরকার। তাতে একটি নির্দিষ্ট জায়গায় ক্লিক করলেই সমস্ত তথ্য দেখা যেত। কিন্তু, এখন সেখানে ক্লিক করলে স্কিনে ‘এরর (Error’ দেখাচ্ছে। প্রায় দু’মাস ধরে চলছে এই সমস্যা। এই নিয়ে হিতেশ দেব শর্মার বক্তব্য, এই ওয়েবসাইট দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোকে। কিন্তু তাদের সঙ্গে চুক্তির নবায়ন করা হয়নি। ফলে পরিষেবা পাওয়া যাচ্ছে না। আর তাতেই বিপত্তি তৈরি হয়েছে। তবে চুক্তি নবায়ন করার জন্য ইতোমধ্যেই উইপ্রোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোটা প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে বলে জানিয়েছে এনআরসির আহ্বায়ক হিতেশ দেব শর্মা।