
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ভারতে সন্ত্রাসবাদী হামলার হুমকি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-এ মহম্মদের। একটি ভিডিও বার্তায় ভারতের বিরুদ্ধে ‘বদলা নেওয়ার হুমকি’ নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের। মুখ ঢাকা এক সন্ত্রাসবাদী নেতা ভারতের উদ্দেশ্যে ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছে। সম্প্রতি একটি ভিডিওয় ভারত সরকারকে হুমকি দিয়ে মুখ ঢাকা এক সন্ত্রাসবাদী নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘মুসলমানদের হত্যাকারীদের ক্ষমা করা হবে না। হিন্দুস্তানে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে। মুসলিম সমাজের ভাবনাকে ধ্বংস করা হয়েছে। তার বদলা নেওয়া হবে। মুসলিমদের ক্ষমতা কতটা সেটা তোমাদের বুঝিয়ে দেব।’ ভারতীয় গোয়েন্দাদের মতে, প্রকাশিত ভিডিওটিতে উর্দু ও আফগান ভাষায় বলতে শোনা গিয়েছে ওই সন্ত্রাসবাদীকে। গোয়েন্দাদের আশঙ্কা, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনা অনুযায়ী ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে জঙ্গি সংগঠন জইশ-এ মহম্মদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের ঠিক আগে এই ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই জঙ্গিদের দিয়ে পোস্ট করিয়েছে পাকিস্তান।
কাশ্মীরে নিয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করাই মূল উদ্দেশ্য ইসলামাবাদের। ভারত সফর চলাকালীনই যাতে ট্রাম্প কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করেন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। জঙ্গিনেতা ওই ভিডিও-য় আরও দাবি করেছে, ‘৩৭০ ধারা তুলে নেওযার পর কাশ্মীরিদের উপর অত্যাচার বেড়েছে। ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালাচ্ছে। জবাবে তাদের উপর পাল্টা অত্যাচার চালাচ্ছে ভারত। ভারতের সেনা ও পুলিশকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারত সরকার কাশ্মীরিদের খুনি। তাদের ক্ষমা করা হবে না।’ভারতীয় গোয়েন্দাদের দাবি, আত্মঘাতী হামলার ছক কষছে জইশ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কনভয় ও সেনা ঘাঁটিতে বড়সড় নাশকতা বা হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। ইতিমধ্যেই নাকি পাক সেনা ও জঙ্গি গোষ্ঠীগুলি বৈঠক সেরে ফেলেছে। হিজবুল মুজাহিদিনকে টাকা, পরিকাঠামোগত ও প্রযুক্তিগত সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে পাক সেনা।