
আন্তর্জাতিক ডেস্ক: চিনের ঘনিষ্ঠ প্রতিবেশী। আবার ভারতেরও। এমনই ভৌগোলিক অবস্থানে থাকা ভুটানে করোনাভাইরাস আতঙ্কে বন্ধ গোল্ড কাপ ফুটবল। দক্ষিণ এশিয়ার অন্যতম পুরনো এই টুর্নামেন্ট শুরু হয় ১৯৭৫ সাল থেকে। চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮০০ পার করছে আগেই। ক্রমে বাড়ছে মৃত মানুষের তালিকা ৭০ হাজারের কাছাকাছি ভাইরাস সংক্রামিত। চিনের স্থল সীমান্ত লাগোয়া ১৪টি দেশ প্রবল ভীত। এরই একটি হল ভুটান। যদিও কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান বৃহস্পতিবার পর্যন্ত মেলেনি। ভুটান সরকার দেশের সর্বত্র কড়া নির্দেশ জারি করে ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করার কাজ করছে। বিশেষ করে ভারত সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ লাগোয়া ফুন্টশোলিং ও অসম সংলগ্ন জেলেফু চেকপোস্টে। চিনের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও সে দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই ভুটানের। থিম্পুর সংবাদপত্র কুয়েনসেল জানাচ্ছে, টুর্নামেন্টের পোশাকি নাম জিগমে দোরজি ওয়াংচুক মেমোরিয়াল গোল্ড কাপ। ভুটান জাতীয় ফুটবল ফেডারেশন (বিএফএফ )এবং ফুন্টশোলিং স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ১২ তারিখ থেকে। কিন্তু গত বছর ডিসেম্বর থেকে প্রতিবেশী চিনের হুবেই প্রদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর জেরে চিন সংলগ্ন দেশগুলি পরপর সীমান্ত বন্ধ করে। ভাইরাস প্রবলভাবে ছড়িয়ে পড়তেই ভুটান সরকার বিখ্যাত গোল্ড কাপ টুর্নামেন্ট সাময়িক স্থগিত করে।