
আন্তর্জাতিক ডেস্কঃ এবার পঙ্গপালের আক্রমণের শিকার হয়েছে সৌদি আরব। সৌদি আরবের প্রায় সব ক’টি অঞ্চলেই হানা দিয়েছে পঙ্গপাল। পঙ্গপালের আক্রমণে ইতোমধ্যে দেশটির জাজান, আসির, আল-বাহা, আল-লেখ, কুনফোদাহ ও মক্কার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। সৌদি পরিবেশ, কৃষি এবং পানি মন্ত্রণালয়ের পঙ্গপাল ও প্লেগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বিভাগটির ডিরেক্টর মোহাম্মদ আল শামমারি বলেন, পূর্ব আফ্রিকা থেকে এই পঙ্গপাল এসেছে। আমরা জানুয়ারির শুরু থেকে প্রতিদিন পঙ্গপালের সাথে লড়াই করেছি। ঝাঁকের প্রথম প্রজন্মকে নির্মূল করেছি, যা মক্কা অঞ্চলে জাজানকে আক্রমণ করেছিল। আমরা কুনফোদাহ ও আল-লেইথে দু’ঝাঁক পঙ্গপাল লক্ষ্য করেছিলাম।এর আগে, পঙ্গপালের হানায় আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া এবং কেনিয়াসহ কয়েকটি দেশের ফসলী জমি উজাড় হয়ে যায়। পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ছড়িয়ে পড়েছিল ইয়েমেনে। আর সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে এসব কীট আফ্রিকার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ায় ঘাঁটি গাঁড়ে।বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব আফ্রিকা থেকে আসা এসব পঙ্গপাল ইতিমধ্যে সৌদির বেশ কয়েকটি অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত করেছে। সৌদির মরুতে পঙ্গপালের দ্রুত বিস্তার ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।