
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের একটি মসজিদে আজান দেয়ার সময় ছুরিকাঘাতে এক মুয়াজ্জিন আহত হয়েছেন। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, মসজিদে মুয়াজ্জিন ব্যক্তি আজান দিচ্ছিলেন, তখন তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়েছে।বিকেল ৩টার দিকে পুলিশ এসে সত্তর বছর বয়সী মুয়াজ্জিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মসজিদের ভেতরে আটক এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন মুসল্লিরা। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেন, পার্ক রোডের মসজিদে পুলিশ ডাকা হয়েছিল। বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে। তবে আহত মুয়াজ্জিনের শরীরিক অবস্থা প্রাণঘাতী না বলে জানিয়েছে পুলিশ।মসজিদটিতে এটাই প্রথম কোনো সহিংসতার ঘটনা না। গত বছরের মার্চে দুই ব্যক্তি ছুরি নিয়ে মসজিদটির ভেতরে হামলা করলে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন।