
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সফরে এসে বিরোধী দলের কোনও প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটছে। শেষবার যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে আসেন, তখনও সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে। কিন্তু, এবারে ট্রাম্পের সঙ্গে বিরোধীদের কোনও প্রতিনিধিদলের দেখা করার কর্মসূচি নেই।সূত্রের খবর, ট্রাম্প এলে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির থাকবেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। তবে, সরকারিভাবে কংগ্রেসের কোনও প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করবে না। কংগ্রেসের দাবি, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য তাঁদের কাছে কোনও প্রস্তাবই আসেনি। দলের বর্ষীয়ান নেতা আনন্দ শর্মা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সাধারণত কোনও দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে তাঁরা যদি কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে চান, তাহলে তাঁদের তরফে সরকারিভাবে কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়। এবার ট্রাম্পের তরফে তেমন কোনও প্রস্তাব আসেনি। মার্কিন প্রেসিডেন্ট দলের নেতাদের সঙ্গে দেখা করার প্রস্তাব না দেওয়ায় কংগ্রেস যে ক্ষুব্ধ তা বোঝা গিয়েছে তাঁদের আক্রমণের ভাষাতেই। আনন্দ শর্মা সরকারকে পরামর্শ দিয়েছেন, ট্রাম্পের সফর যেন তাঁর নির্বাচনী প্রচারের মঞ্চে পরিণত না হয়, তা নিশ্চিত করতে।