
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও দক্ষিণ কোরিয়ার পর ইতালিতেও আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ভেনিস কার্নিভাল। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও। চীনে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ২ হাজার ৪৪২ জন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এবং আর্মেনিয়া।আজ পর্যন্ত ইরানে করোনায় মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে।
ইতালিতে করোনার প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হয়েছে ভেনিস কার্নিভাল। ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল মিলান ও ভেনিসে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় জনমানব শূন্য হয়ে পড়েছে ইরানের অনেক শহর। দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশীরা। দক্ষিণ কোরিয়াতেও আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া ইসরাইলে দক্ষিণ কোরিয়ার ২শ’ নাগরিককে কোয়ারেন্টাইন করেছে তেল আবিব।