
আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবার ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অহমদাবাদের সর্দার বল্লভ ভাই বিমানবন্দরে পৌঁছান সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তাকে স্বাগত জানাতে উপস্থিতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে ভারতের মাটিতে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমান। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দিলেন সবরমতী আশ্রমের উদ্দেশে। সেখানে ট্রাম্প ও মেলানিয়াকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর গান্ধীর ছবিতে মাল্যদান করেন ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। পরে ট্রাম্প দম্পতিকে হৃদয়কুঞ্জ ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। আশ্রমের কর্মীদের সাহায্যে চরকা কাটেন ট্রাম্প দম্পতি। ঘুরে দেখলেন আশ্রম চত্বর। ভিজিটার্স বুকে ট্রাম্প লিখলেন নিজের মন্তব্য। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি লেখেন-'WONDERFUL VISIT'। এর পর সেখান থেকে মোতেরা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয় ট্রাম্প-মোদির কনভয়।