
আন্তর্জাতিক ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের উত্তপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লি।আজ মঙ্গলবার সকালে উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গায় পাথর বৃষ্টি ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন দিল্লীর প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ সকালে ব্রহ্মপুরী ও গোকুলপুরী এলাকায় সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। চলে পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তপ্ত এলাকায় ফ্ল্যাগমার্চ শুরু করেছে RAF। দিল্লির এক দমকল কর্তা জানিয়েছেন, গতকাল মধ্যরাত থেকে অশান্ত এলাকায় ৪৫টি অগ্নিকাণ্ডের খবর এসেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন দমকলকর্মী। দিল্লি পুলিশ জানিয়েছে, জাফরাবাদ ও মউজপুর এলাকায় তুঙ্গে উত্তেজনা। যদিও সেখানে এখনও পর্যন্ত ১৪৪ ধারা লাগু করা হয়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁচটি মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের বাসভবনে স্থানীয় বিধায়ক ও অধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, গতকাল রাতেও জাফরাবাদ হিংসা নিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকএ দিল্লি পুলিশের শীর্ষই আধিকারিক ও স্বরাষ্ট্রসচিব-সহ অন্যান্য অধিকারিকদের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি।এদিকে, আজ ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এহেন পরিস্থিততে দিল্লির হিংসা নিয়ে উদ্বিগ্ন সাউথ ব্লক।
উল্লেখ্য, শনিবার রাত থেকে জাফরাবাদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর)-এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন শ দু’য়েক মহিলা। রবিবার সেখানে উপস্থিত হন বিজেপি নেতা কপিল মিশ্র। পুলিশকে বলেন, “ট্রাম্প দেশ ছাড়ার আগে রাস্তা খালি করান। এরপর আমাদের রাস্তায় নামতে হবে। তখন কিছু বলতে পারবেন না।” এরপর থেকেই চড়তে থাকে উত্তেজনার পারদ। আগের দিনই দুইপক্ষের মধে্য ইট-পাথরের লড়াই চলে। সোমবার সকালে হঠাৎ করেই বিক্ষোভকারীদের সামনে চলে আসে সিএএ-র সমর্থকদের মিছিল। স্থানীয়দের দাবি অনুযায়ী, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে বিক্ষোভকারীদের সামনে চলে আসে তারা। এরপরই ফের দু’পক্ষের মধে্য শুরু হয় অশান্তি। আগের দিনের মতোই চালু হয় ইট-পাথর ছোড়া। এই সময় ইট এসে পড়ে হেড কনস্টেবল রতন লালের মাথায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আহত হয়েছেন শাহদারার ডিএসপি অমিত শর্মাও। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের।