
আন্তর্জাতিক ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে দুই পক্ষে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লির মৌজপুর, গোকুলপুরী-সহ একাধিক এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল রতনলাল, শাহিদ, মহম্মদ ফুরকান, রাহুল সোলাঙ্কি এবং নাজিম। বাকি দু’জনকে শনাক্ত করা যায়নি। এ ছাড়াও ইটের আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে মঙ্গলবার( ২৫ ফেব্রুয়ারি) সকালে দিল্লির মৌজপুর ও ব্রহ্মপুরীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একই পরিস্থিতি কারওয়াল নগরে। ভোররাতে সেখানে একটি টায়ার কারখানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে আগুন নেভাতে এসে বিক্ষোভকারীদের হাতে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশ। একটি বিবৃতি প্রকাশ করে তারা জানায়, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা অব্যাহত বলে ফোনে অভিযোগ পাচ্ছি আমরা।’’ সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় সোমবার রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলও বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।