
আন্তর্জাতিক ডেস্কঃ জাফরাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বিক্ষোভের জেরে রবিবার দুটি গোষ্ঠীর মানুষের তুমুল সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে দফায় দফায় হওয়া গন্ডগোলের ফলে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’শতাধিক মানুষ। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ফলে গৃহহীন হয়েছেন আরও অনেকে। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর যাঁরা তাঁদের নাবালক সন্তানদের হারিয়েছেন। তাঁদের দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা। জখমরা রাজ্যের যেকোনও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বলেও জানান। সেই সঙ্গে এই হিংসার ফলে যাঁদের ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে তাঁদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষের ফলে দিল্লিতে এখনও পর্যন্ত মোট ৩৫ জনের মৃত্যু হওয়ার কথা জানা গিয়েছে। তাঁদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আর এই সংঘর্ষের ফলে যাঁরা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন তাঁদের পাঁচলক্ষ এবং যাঁরা মারাত্মক জখম হয়েছেন তাঁদের দুলক্ষ টাকা করে দেওয়া হবে। অল্প চোট পাওয়া মানুষদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে।’