
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া-তুর্কি চলমান সঙ্ঘাতের মধ্যে এবার ইদলিবে দামেস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আঙ্কারা। রোববার (০১ মার্চ) তুর্কি সেনাবিহীর গুলিতে এ বিমান বিধ্বস্ত হয় বলে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে। তবে তুরস্কের এ দাবি অস্বীকার করে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সিরিয়া। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্ক কর্তৃক সিরিয়ার বিমান বিধ্বস্তের খবরের পর দামেস্কো তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।এদিকে হারেৎজের খবরে বলা হয়েছে, ইদলিবে দুটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তুরস্ক দাবি করেছে দুটি বিমানই সিরিয়ার এবং সেগুলো তুর্কি সেনাদের গুলিতে ভূপাতিত হয়েছে। তবে সিরিয়ার সিরিয়ান আরব নিউজ (সানা) জানিয়েছে, তুরস্কের এই দাবি অস্বীকার করেছে সিরিয়া। সানার খবরে বলা হয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে সেটি তুর্কি ড্রোন। ইদলিবের সারাকিব শহরের ওপর সেটি বিধ্বস্ত হয়।সানার এ খবরের এক ঘণ্টা পর তুর্কি কর্তৃপক্ষ দাবি করে, ইদলিবে সিরিয়ার দুইটি বিমানকে লক্ষ্য করে গুলি চালায় তুর্কি বাহিনী। বিমান দুইটির পাইলন প্যারাসুট ব্যবহার করে নিরাপদে নেমে আসে।খবরে বলা হয়েছে, দুই পক্ষের এমন দাবির পর সিরিয়ার কর্তৃপক্ষ ওই এলাকায় সব ধরণের বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।