
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সবখানে। আক্রান্তের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জার্মানিতে শুক্রবার পর্যন্ত মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ জন। সোমবার (২ মার্চ) একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৭০ জন। সংক্রামণ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য, নর্থরাইন ওয়েস্টফালেনের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যাহার করা হয়েছে বেশ কটি আন্তর্জাতিক মেলা। এ প্রসঙ্গে স্থানীয়রা বলেন, কাজের প্রয়োজনে আমাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। মনে হচ্ছে খুব কঠিন সময় আসন্ন। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এ ভাইরাস ভয়ংকর। তরুণদের থেকে শিশু ও বৃদ্ধদের জন্য এটি বিপদজনক। এদিকে করোনা ভাইরাসের কারণে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরাও। তারা বলেন, সবাইকে সচেতন করা হচ্ছে কীভাবে করোনা থেকে নিজেকে রক্ষা করা যাবে। তবুও আতঙ্কে আছি।