News71.com
 International
 03 Mar 20, 11:07 PM
 319           
 0
 03 Mar 20, 11:07 PM

দিল্লিতে কংগ্রেসনেতা অধীররঞ্জন চৌধুরীর বাড়িতে হামলা॥  

দিল্লিতে কংগ্রেসনেতা অধীররঞ্জন চৌধুরীর বাড়িতে হামলা॥   

নিউজ ডেস্ক: ভারতের লোকসভায় গোলমাল হয়েছিল সোমবার। এ সময় কংগ্রেসের এক সাংসদ শারীরিকভাবে লাঞ্জিত করার অভিযোগ পাওয়া গেছে। এরপর মঙ্গলবার গোলমাল ছড়িয়ে গেল সংসদের বাইরেও। এদিন হামলা হয়েছে কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর বাড়িতে। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। কিন্তু বাড়ি সংলগ্ন কার্যালয়ের কর্মীদের এবং অধীরের এক আত্মীয়কে হেনস্থার মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। নয়াদিল্লির সি-১/৪ হুমায়ুন রোডের যে বাংলোয় লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী থাকেন, তার সঙ্গে অধীরের একটি অফিসও রয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাড়ি সংলগ্ন সেই অফিসেই হামলা হয়েছে। তিন-চার জন দুষ্কৃতী আচমকা গালিগালাজ করতে করতে অধীরের বাংলো চত্বরে হাজির হয় বলে জানা গেছে। প্রথমে তাদের ভিতরে ঢুকতে বাধা দেয়া হয়েছিল। কিন্তু তারা জোর করে অধীরের অফিসটিতে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেই অফিসে যে কর্মীরা তখন ছিলেন, তাদের সঙ্গে এই দুষ্কৃতীরা হাতাহাতি শুরু করে দেয় বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে- হাতাহাতিতেই থামেনি হামলাকারীরা। লোকসভার কংগ্রেস দলনেতার অফিসে বেশ কিছু ফাইল এবং কাগজপত্র তারা নষ্ট করেছে। যাওয়ার সময়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তারা ছিনিয়ে নিয়ে গেছে। শুধু কর্মীরা নন, অধীর চৌধুরীর এক পরিজনও এ দিন হেনস্থার মুখে পড়েছেন। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে কি না, অধীর শিবির থেকে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। কিন্তু দিল্লিতে গত সপ্তাহে ভয়াবহ হিংসার প্রেক্ষিতে দেশের রাজনীতি এখন তপ্ত। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহের অব্যাহতী চেয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার লোকসভা উত্তাল হয়ে উঠেছিল। বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হওয়ার উপক্রম হয়েছিল। অধীর চৌধুরী তখন এগিয়ে গিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সংসদের অন্দরের পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাজনৈতিক উত্তাপ কমার লক্ষণ নেই। সেই রাজনৈতিক উত্তাপের কারণেই হামলা কি না, খতিয়ে দেখছে পুলিশ। অধীর নিরাপত্তা বাড়ানোর দাবিও তোলা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন