
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালের তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তির বাস্তবায়ন আর হবে না, এমনটাই ঘোষণা করেছেন তুর্কির প্রেসিডেন্ট। এই চুক্তি মূলত শরণার্থীরা যাতে তুরস্ক হয়ে ইউরোপে না যেতে পারে সেইদিকে নজর দেওয়ার জন্যই এই চুক্তি হয়েছিল। ঠিক এই ঘোষণার পরেই গ্রিস সীমান্তে অভিবাসীদের ভিড় বেড়েছে। হাজারও অভিবাসীকে আটকাতে সীমান্তে গ্রিক পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করেছে, পরিস্থিতি সামলাতে গ্রিসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের জরুরী সাহায্য চেয়েছে। তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, তার দেশে যদি নতুন করে সিরিয়ান শরণার্থীদের ঢল নামে, সেটা তারা সামলাতে পারবেন না।
ইতিমধ্যেই প্রায় দশ লাখ সিরিয়ান ইদলিব থেকে তুরস্ক সীমান্তে পালিয়ে এসেছে। ইদলিবে তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। তুরস্কে সিরিইয়ান শরণার্থীর সংখ্যা প্রায় ৩৭ লক্ষ। আফগানিস্তানসহ অন্যান্য দেশ থেকে আসা অনেক অভিবাসীও রয়েছে তুরস্কে। এই অভিবাসীরা ইউরোপে যেতে চায়। কিন্তু তুরস্ক এতদিন পর্যন্ত তাদের ঠেকিয়ে রেখেছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ার শরণার্থীদের যেন সিরিয়ার নিরাপদ অঞ্চলে পুনর্বাসন করা যায়, সেজন্যে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে কোনরকম সাহায্য করেনি। গত সপ্তাহে তুরস্ক যখন এই অভিবাসী এবং শরণার্থীদের ইউরোপে ঢোকার জন্য সীমান্ত খুলে দেয় তখন প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, “হাজার হাজার মানুষ এর মধ্যে সীমান্ত পার হয়েছে, শীঘ্রই এই সংখ্যা লাখ লাখে পৌঁছাবে।”