
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত মোট ৩১ জনের শরীরে করোনার জীবানু পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিস্থিতিতে মন্দিরে বিদেশিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বৃন্দাবনের ইসকন মন্দির কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, বৃন্দাবনের ইসকন মন্দিরে করোনা আতঙ্কের জেরে বন্ধ রাখা হয়েছে বিদেশিদের প্রবেশ। এছাড়া দোল উপলক্ষে বৃন্দাবনে বিধবাদের যে বিখ্যাত হোলি খেলা অনুষ্ঠিত হয়, তাও এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ মার্চ অর্থাত্ শনিবার এই হোলি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মথুরার ইসকন মন্দিরের মুখপাত্র রাজীব লোচান জানান, 'সারা বিশ্বে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, সেই পরিস্থিতিতে ইসকন মন্দিরে বিদেশিদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হল।' ৯ মার্চ থেকে বৃন্দাবনে গৌর পূর্ণিমা উত্সব শুরু হওয়ার কথা। গোটা বিশ্ব থেকে এই উত্সবে অংশ নিতে আসেন বহু মানুষ। কিন্তু এই বছর করোনা আতঙ্কের জেরে এখানে প্রবেশ করতে পারবেন না বিদেশিরা।