
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে টালমাটাল পুরো বিশ্ব। নতুন করে ছড়িয়েছে আরো ৫টি দেশে। এ নিয়ে ৮৬ দেশে মিলেছে কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী। তবে যে চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি সেই উহান প্রদেশে শুক্রবারে নতুন করে নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, দেশে এ মুহূর্তে করোনা সন্দেহে হাসপাতালে রয়েছেন বিদেশ ফেরত তিন বাংলাদেশি। জানান, তরুণরা করোনায় বেশি আক্রান্ত হলেও মৃতের হার বয়স্কদের মধ্যে বেশি। আইইডিসিআর’র পরিচালক বলেন, করোনা সন্দেহে তিনজন হাসপাতালে আছেন। মৃত্যুর ক্ষেত্রে বিশ্লেষণ করে দেখেছি, সব চেয়ে বেশি মৃত্যু হচ্ছে যাদের বয়স ষাটের বেশি। মোংলায় ইন্দোনেশিয়া থেকে আসা কয়লার জাহাজে করোনা সন্দেহে থাকা ফিলিপিন্সের তিন নাবিকের মধ্যে দুজনের এখন জ্বর নেই। করোনা মোকাবিলায় জেলা-উপজেলায় র্যাপিড রেসপন্স টিম সতর্ক রয়েছে। আইইডিসিআর’র পরিচালক বলেন, মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ এসেছে। সেখানে তিনজনের জ্বর দেখা দেওয়া ছিলো। তিনজনের মধ্যে দুজন ভালো হয়ে গেছে। বাকি একজন জ্বর আক্রান্ত রয়েছেন। তাদের জাহাজের মধ্যে রাখা হয়েছে। তবে একদিনের ব্যবধানে আইইডিসিআরের হটলাইনে সেবা চেয়ে ফোন কল বেশি আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক।