
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ তিউনিসিয়ার রাজধানী তিউনিসের মার্কিন দূতাবাস লক্ষ্য করে শুক্রবার দুটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলায় এক পুলিশসহ তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। গত কয়েক মাসের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় হামলা।তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।শুক্রবারের ওই আত্মঘাতী হামলায় তিউনিসের বার্জেস ডু ল্যাক ডিস্ট্রিকটি কেঁপে ওঠে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা বলছে, ওই এলাকায় কড়া নিরপত্তায় থাকা মার্কিন দূতাবাসের বাইরে বোমা হামলা চালায় দুই আত্মঘাতী হামলাকারী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমেরিকান দূতাবাস সংলগ্ন সড়কে একটি টহলদার বাহিনীকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালানো হয়েছে।’পরে স্থানীয় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলোতে দূতাবাস সংলগ্ন সড়কে হামলায় বিধ্বস্ত বিভিন্ন যানবাহনের ছবি পোস্ট করা হয়।
হামলা সম্পর্কে প্রত্যক্ষদর্শী এক দোকানদার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, ‘আমরা প্রথমে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আমরা এক সন্ত্রাসীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখি। ওই সন্ত্রাসী মোটরবাইকে করে সড়কে প্রহরায় থাকা পুলিশের দিকে ছুটে যায় এবং বিস্ফোরণ ঘটায় ‘শুক্রবারের ওই হামলা সম্পর্কে তিউনিসিয়া পুলিশ জানাচ্ছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে ওই এলাকায় আসে এবং দূতাবাস সংলগ্ন সড়কে বিস্ফোরণ ঘটায়।হামলায় এক পুলিশ কমকর্তা ও দুই হামলাকারী নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম লেফট্যানেন্ট তৌফিক মোহাম্মদ এল নিসাউই (৫২)। নিহত ওই কর্মকর্তা তিন সন্তানের জনক।এছাড়া ঘটনায় আহত ছয়জনের মধ্যে পাঁচজনই পুলিশ কর্মকর্তা। বাকি একজন বেসামরিক নারী। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয়।তবে হামলায় দূতাবাসের কেউ হতাহত হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিউনিসিয়ার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম।