
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভ্যাকসিন তৈরির কাজ ভালমতো হলেও এর কার্যকর ভ্যাকসিন পেতে অন্তত এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন ভ্যাকসিন তৈরির কাজে নেতৃত্ব দেয়া কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের (সিইপিআই) প্রধান জেইন হলটন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হেলটন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান। করোনার এ ভ্যাকসিন তৈরিতে অন্তত ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ দরকার হবে বলেও মনে করছেন তিনি। সোমবার এবিসি রেডিওকে হলটন বলেছেন, গবেষণাগারে যখন কোনো কিছু নিয়ে কাজ করা হয় তখন সেখানে সেটা (গবেষণার ফল বা ভ্যাকসিন) আপাত দৃষ্টিতে ভালো মনে হতে পারে; যতক্ষণ না আপনি যেভাবে চান সেভাবে এটি মানবশরীরে প্রয়োগ করছেন এবং ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে সেটা নিরাপদ না। এমনকি এটা তৈরি করা কষ্টসাধ্যও হতে পারে। শেষ পর্যন্ত প্রকৃত ভ্যাকসিন পেতে আপনাকে ভ্যাকসিনের কয়েকটি সিরিজ নিয়ে কাজ করতে হবে। তবে কার্যকর সে ভ্যাকসিন এখনও আমাদের থেকে ১২ মাস দূরে রয়েছে, যদিও এ বিষয়ে সব কিছু ঠিকঠাক চলুক না কেন। তারপর ভ্যাকসিনের শত শত মিলিয়ন ডোজ তৈরি করতে অনেক, অনেক মাস সময় লেগে যাবে, বলেন সিইপিআই প্রধান। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৮৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ ভাইরাসের কারণে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর ছড়িয়ে পড়েছে বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে।