
আন্তর্জাতিক ডেস্কঃ দুদিন ধরে অসুস্থ পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। জানা গিয়েছিল, গলায় ইনফেকশন হয়েছে এই ফরাসি তারকার, যা করোনাভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ। তবে আশার কথা, এমবাপ্পের করোনাভাইরাস হয়েছে কি না, এ নিয়ে শারীরিক পরীক্ষার ফলাফল 'নেগেটিভ' এসেছে। অর্থাৎ ২১ বছর বয়সী এই স্ট্রাইকার করোনাভাইরাসে আক্রান্ত হননি । ম্যাচটা পিএসজির জন্য মহাগুরুত্বপূর্ণ। ডর্টমুন্ডের মাঠে এর আগে ২-১ গোলে হেরে আসা পিএসজিকে নিজেদের মাঠে এই ম্যাচটা অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে। সে ম্যাচের আগে দলের অন্যতম প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল পিএসজি শিবিরে! গলার ইনফেকশনের কারণে দুই দিন ধরে অনুশীলনে অংশ নেননি এমবাপ্পে। এমনিতেই করোনভাইরাস আঘাত হেনেছে ফ্রান্সে, সংক্রমণ ঠেকাতে পিএসজি-ডর্টমুন্ড ম্যাচটা আয়োজন করা হবে দর্শকহীন মাঠে। এর ওপর এমবাপ্পের অসুস্থতার খবর শুনে আশঙ্কা করা হলো, হয়তো করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এমবাপ্পের মধ্যে। সে আশঙ্কায় শারীরিক পরীক্ষায়ও অংশ নিতে হয়েছে এই তারকাকে। তবে স্বস্তির সংবাদ, সেসব পরীক্ষার ফলাফল 'নেগেটিভ' এসেছে। অর্থাৎ, এমবাপ্পের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়নি। হাঁফ ছেড়ে বেঁচেছে পিএসজি। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফরাসি চ্যাম্পিয়নরা। তবে অনুশীলনে অংশ না নেওয়ার কারণে ডর্টমুন্ডের বিপক্ষে এমবাপ্পে মাঠে নামবেন কি না, এখনো নিশ্চিত করেননি পিএসজির জার্মান কোচ টমাস টুখেল।