
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে পৌঁছেছে। কার্যত দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ওই ঘটনাকে কেন্দ্র করে কেরালার সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচিতে বিভিন্ন মালায়ালাম সিনেমা সংস্থার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। এ ছাড়া, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে সপ্তম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন। অষ্টম, নবম ও দশম শ্রেণির পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। অঙ্গনওয়াড়ি ও মাদ্রাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, কেরালায় নতুন করে ৬ জনের মধ্যে করোনারভাইরাসের সংক্রমণ হয়েছে। এরমধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। শিশুটি সম্প্রতি ইতালি থেকে এসেছিল। আক্রান্ত শিশুটিকে এর্নাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।