
আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রতিনিধি নির্বাচনে চলমান প্রাথমিক বাছাইয়ের ভোটে আরো এক ধাপ এগিয়ে গেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে ডেমোক্রেট দলীয় মনোনয়ন লাভে নিজের জোর সম্ভাবনাও বাড়িয়ে চলেছেন একের পর এক অঙ্গরাজ্যের প্রাইমারিতে ভোটে। মঙ্গলবার (১১ মার্চ) ৬টি অঙ্গরাজ্যের ভোটাভুটির মধ্যে মিশিগানের প্রাইমারিতে জয় পেয়েছেন বাইডেন, এতে দলীয় প্রার্থীতার দৌঁড়ে মূল প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে তার ব্যবধান আরও বেড়েছে। নভেম্বরে আসন্ন হোয়াইট হাউস নির্বাচনে রিপাবিলকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট মনোনীত প্রার্থী হিসেবে বাইডেনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। এরইমধ্যে অন্য ৫টি অঙ্গরাজ্যের মধ্যে আরও ৩টির প্রাইমারিতে বাইডেনের দিকেই সমর্থকদের পাল্লা ভারী দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি'র জরিপ। এই ৫টির মধ্যে মিসিসিপি, মিসৌরি, আইডাহোতে তার জয়ের সম্ভাবনা বেশ জোরাল। অন্যদিকে নর্থ ডাকোটার ককাসে ভারমন্টের সিনেটর স্যান্ডার্স এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটন অঙ্গরাজ্যে দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে।