
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনলাইনে পাঠদান শুরু করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশটির সরকারি, বে-সরকারি সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদান অনলাইনে সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।দেশটির সরকার করোনার বিস্তার ঠেকাতে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আমিরাতি ইংরেজি দৈনিক গালফ নিউজ।
এ ব্যাপারে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে করোনাভাইরাসের বিস্তার ঘটতে থাকায় শিগগিরই এই ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। গালফ নিউজ বলছে, সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি সম্প্রসারিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দেশটির কেন্দ্রীয় শিক্ষা এবং প্রশাসনিক দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। দূরবর্তী এই শিক্ষাব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিশেষ সহায়তা দেবে কমিটি।