
আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যুর হার এক লাফে বেড়েছে ৮০ শতাংশ। ফলে প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে সোমবার থেকে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে খবর পাওয়া যায় স্পেনের রানি লেতিজিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেন সরকারের এক মন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে ওই মন্ত্রীর সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন রানি।
কাতালোনিয়া এবং গ্যালিসিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার থেকে বন্ধ হচ্ছে। বাকিগুলো বন্ধ হবে সোমবার থেকে। আর মাদ্রিদ ও লা রিওজার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে থেকেই বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্তত দুই সপ্তাহ বন্ধ থাকবে। প্রয়োজনে বন্ধের এ মেয়াদ আরও বাড়ানো হতে পারে।এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটনও। তিনি কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে এক টুইটে অজি মন্ত্রী জানান, সকালে ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।