
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্কে মধ্যপ্রাচ্য জুড়ে থমকে গেছে প্রকাশ্যে ধর্মচর্চা। বাতিল করা হয়েছে সম্মিলিতভাবে নামাজ পড়া। কোথাও বন্ধ করে দেয়া হয়েছে মসজিদও। অঞ্চলটির দেশগুলোতে থাকা ধর্মীয় কর্তৃপক্ষ কোথাও পুরোপুরি বাতিল করেছে প্রকাশ্য ধর্মচর্চা আবার কোথাও টানা হয়েছে কঠিন বিধিনিষেধ।আল-জাজিরা জানিয়েছে, কুয়েতে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ নাগরিকদের বাসায় বসে নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছে। যাতে করে করোনা ভাইরাস ছড়িয়ে না যায় তাই অনুৎসাহিত করা হয়েছে মসজিদে গিয়ে নামাজ পড়াকে। জেরুজালেমে খ্রিস্টান, মুসলিম ও ইহুদি নেতারা জানিয়েছেন যে, এখন থেকে ধর্মগুলোর কাছে পবিত্র এ অঞ্চলে সকল ধরণের প্রার্থণা বন্ধ ঘরের মধ্যে আয়োজন করা হবে। কোনো ধরণের সমাবেশে ধর্মীয় আলোচনা করবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব সমাবেশে ১০০ জনের কম সংখ্যক মানুষ থাকতে হবে। আল-আসকা মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সেখানে নামাজ চলতে থাকবে তবে মসজিদের ভেতরে কোনো ধরণের জটলা করা যাবে না। একইসঙ্গে, ভীর হয় এমন মসজিদে বয়স্কদের না যেতে পরামর্শ দেয়া হচ্ছে সেখানে।মধ্যপ্রাচ্যে সবথেকে ভয়াবহ অবস্থা ইরানের। দেশটির প্রধান কয়েক ডজন শহরে বাতিল করা হয়েছে শুক্রবারের নামাজ। অঞ্চলটির আরেক দেশ মিশর শুক্রবারের নামাজ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। ১৫ মিনিটের মধ্যে নামাজের কার্যক্রম শেষ করার জন্য বলেছে দেশটির কর্তৃপক্ষ।