
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির জেনেভা শহরে বসবাসরত সেন্টু (২৫) নামে এক বাংলাদেশি হাঁচি দিতে দিতে মারা গেছেন। রোববার নিজ কর্মস্থল থেকে তিনি বাসায় ফেরার পর এ ঘটনা ঘটে। সেন্টুর বাবার নাম শাহজাহান খলিফা। তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখারা গ্রামে।
জেনেভায় বসবাসরত সেন্টুর বন্ধু সেলিম দেওয়ান বলেন, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সেন্টু। ঘরে ঢুকে বসে পড়েন তিনি। এই অবস্থায় তার হাঁচি শুরু হয়। হাঁচি দিতে দিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকরা আসেন। তারা কিছুক্ষণ পরীক্ষার পর সেন্টুকে মৃত বলে ঘোষণা করেন। কীভানে সেন্টুর মৃত্যু হয়েছে তা জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছেন জেনেভার চিকিৎসকরা।
সেলিম আরও বলেন, ‘সেন্টু আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুর লক্ষণ অনেকটা করোনাভাইরাসে আক্রান্তের মতো। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নই আমরা। কীভাবে তার মৃত্যু হলো জানতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।’ গত ৯ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সেন্টু। তিনি একটি দোকানে কাজ করতেন।