
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রদুর্ভাব মোকাবিলা করার জন্য সব ধরনের বেসরকারি হাসপাতালগুলো জাতীয়করণ করেছে স্পেন সরকার। ১৬ মার্চ, সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা এ ঘোষণা দিয়ে বলেন, সারাদেশে করোনার সংক্রমণ অব্যাহত থাকার কারণে সব বেসরকারি হাসপাতালগুলো জনসাধারণের জন্য নিয়ন্ত্রণ করা হবে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। পলিটিকোর খবর বলা হয়, স্বাস্থ্য সেবা দেয়ার জন্য দেশটির মেডিকেলের চতুর্থবর্ষের শিক্ষার্থীদের আহ্বান জানানো হবে। এছাড়াও যেসব কোম্পানি মেডিকেল সরঞ্জাম উৎপাদনে সক্ষম তাদের সাথেও স্পেনের সরকার যোগাযোগ করবে বলে জানান সালভাদোর ইলা। চীনের পর করোনাভাইরাসে সংক্রমণের সবচেয়ে খারপ দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। এজন্য দেশটির সরকার এ ভাইরাস প্রতিরোধে অসাধারণ পদক্ষেপ গ্রহণ করেছে। স্পেনের সরকার গত সপ্তাহে সব শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেস বন্ধ ঘোষণা করে এবং জাতীয় জরুরি অবস্থা করে। শুধুমাত্র প্রয়োজনীয় খাবার ও ওষুধ কেনার জন্য বাহিরে বের হওয়ার জন্য দেশটির নাগরিকদের বলা হয়। এদিকে মাদ্রিদ শহরে সুপারমার্কেট এবং ফার্মেসী ব্যতীত রেস্তোঁরা, বার এবং দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও শহরের নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করছে কর্তৃপক্ষ। দেশটিতে গত সোমবার পর্যন্ত এ ভাইরাসে ৩০৯ জন মারা গেছে এবং ৯ হাজার ১০১ জন আক্রান্ত হয়েছে।