
আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসের এপিসেন্টার এখন ইতালি। ইউরোপের মধ্যে সর্বাধিক আক্রান্ত এ দেশ। দেশটিতে করোনা মহামারি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে একটি স্থানীয় পত্রিকার শোক সংবাদের পাতাই যথেষ্ট! ইতালির লম্বারদি এলাকার স্থানীয় দৈনিক লেকো ডি বার্গ্যামো পত্রিকার একজন পাঠক সিলভিয়া মেরলার সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। এ শহরের ১ কোটি বাসিন্দা বর্তমানে কোয়ারান্টাইনে আছেন। ওই পাঠক পত্রিকার দুটি সংখ্যার শোক সংবাদের পাতা তুলনা করে ইতালির ভয়াবহতা তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লেকো ডি বার্গ্যামোর ৯ ফেব্রুয়ারির সংখ্যায় দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা নিশ্চিত করা হয়েছে তিন জন। ওই দিন পত্রিকাটির শোকসংবাদ বিভাগটি ছিল দেড় পাতার। এরপর পাঠক ১৩ মার্চের একটি সংখ্যা হাতে নেন। সেখানে আক্রান্ত ১৭ হাজার ৬০০ এর বেশি এবং প্রাণহানি ১ হাজার ২৬৬ উল্লেখ করা হয়েছে। কিন্তু যতোই তিনি পাতা উল্টাতে থাকেন পাতাজুড়ে খালি শোক সংবাদ। এক মাসের ব্যবধানে পত্রিকার শোক সংবাদ বিভাগটি হয়ে গেছে পূর্ণ ১০ পাতা! ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন গিওভান্নি লোকাতেল্লি নামে এক ব্যক্তি। এরই মধ্যে সেটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।