
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আতঙ্কে ভারতের রাজধানী দিল্লিতে নিজের সরকারী বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ। কেরালার ত্রিবন্দমে এক করোনা আক্রান্ত রোগীর সঙ্গে দেখা করার পর মোদির মন্ত্রীসভার এই সদস্য নিজেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইতোমধ্যেই মন্ত্রীর রক্তের নমুনা পরীক্ষা হয়েছে। তবে তাতে করোনাভাইরাসের জীবাণু নেই বলে জানানো হয়েছে। বেশ কয়েকদিন আগে একটি মেডিক্যাল ইনস্টিটিউটের বৈঠকে এক করোনা আক্রান্ত চিকিৎসকের সঙ্গে কথা হয়। সেই ভয়েই নিজেকে ঘরবন্দি করে রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ।
সূত্র জানিয়েছে, ১৪ মার্চ ত্রিবান্দ্রমের একটি ইনস্টিটিউটে মুরলীধরনের মিটিং ছিল। সেখানে উপস্থিত ছিলেন স্পেনফেরত এক চিকিৎসক। পরে সেই চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই চিকিৎসকের করোনা পজিটিভ আসার পরই তিনি দিল্লির বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশন করে নেন। করোনার আতঙ্কের জেরেই এই কাজ করেছেন কেরালার বিজেপির সিনিয়র এই নেতা।