
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাস আক্রান্ত চতুর্থ রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স জানানো হয়নি, তবে তিনি বৃদ্ধ বলে খবরে উল্লেখ করা হয়েছে। বাড়ি পাঞ্জাবে। সম্প্রতি তিনি ইতালি থেকে ভারতে এসেছিলেন। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে সব ধরণের আন্তর্জাতিত ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আগামী ২২ মার্চ থেকে ১ সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বৃহস্পতিবার এমন নির্দেশিকা জারি করেছে দিল্লি।
করোনা সংক্রমণের মারাত্মক প্রভাব পড়তে চলেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোতে। সম্প্রতি কর্মচারীদের বিমান হ্রাসের কথা ঘোষণা করেছিল ইন্ডিগো। করোনার প্রভাবে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক বিমান সংস্থা। ইন্ডিগোর সিইও রণজয় দত্ত বলেন, ‘রাজস্বের পরিমাণ কমতির দিকে এখন। এমতাবস্থায় টিকে থাকতে গেলে এই সিদ্ধান্ত ছাড়া আর কিছু করার ছিল না।’ এমনকী তার নিজের বেতনও কাটা যাবে ২৫ শতাংশ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটবে ২০ শতাংশ, ককপিট ক্রু মেম্বারদের বেতন হ্রাস হবে ১৫ শতাংশ।
করোনাভাইরাসের আক্রমণে ক্রমশই জটিলতর হয়ে উঠছে দেশের পরিস্থিতি। করোনাভাইরাসের মরণ থাবায় ক্রমেই ভারতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা যেয়ে দাঁড়াল ১৬৬তে। এইরকম অবস্থায় রাজ্যে জনসমাগম আটকাতে ২১ মার্চ অর্থাৎ শনিবার থেকে গণপরিবহন বাতিলের সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। এমনকী সমাবেশের সংখ্যা কমিয়ে ২০ জন করা হল। কোনও সমাবেশে এই নির্ধারিত সংখ্যার বেশি সংখ্যা থাকবে না, এমনটাই জানিয়ে দিল সে রাজ্যের সরকার।