
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সদ্য সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভার সদস্য হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। তাঁর শপথ গ্রহণের সময় কংগ্রেসের সদস্যরা ‘শেম শেম’ বলে স্লোগান দেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অবসর নেওয়ার পর রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সদস্য হওয়ার বিষয়টিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত বলে অভিহিত করছেন সমালোচকেরা।
রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি অবসরের পর রাজ্যসভার সদস্য হলেন। তাঁর আগে রঙ্গনাথ মিশ্র একই কাজ করেন। ১৯৯১ সালে অবসর নেওয়ার সাত বছর পর ১৯৯৮ সালে কংগ্রেসের হয়ে তিনি রাজ্যসভায় আসেন। রঞ্জন গগৈ অবসর নেওয়ার আট মাস আগে বলেছিলেন, অবসর নেওয়ার পর সরকারি পদে নিয়োগ বিচার বিভাগের স্বাধীনতার গায়ে ক্ষত। অথচ অবসর নেওয়ার মাত্র চার মাসের মাথায় তিনি রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পা রেখে নিজের কথাই বরখেলাপ করলেন।