
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবান সদস্যদের হামলায় ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছে। আল জাজিরা জানায়, শুক্রবার( ২০ মার্চ) দেশটির জাবুল প্রদেশের ঘাঁটিতে হামলায় চালানো হয়। জাবুল প্রদেশের রাজধানী কালাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জাবুল প্রদেশের প্রাদেশিক পরিষদ প্রধান আত জান হক বায়ান বলেন, হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর ১৪ সদস্য এবং পুলিশ বাহিনীর ১০ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছে। এই হামলার সঙ্গে তালেবান যোদ্ধাদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা নিশ্চিত করে গভর্নর রাহামতুল্লাহ ইয়ার্মাল বলেন, হামলাকারীরা সেনাবাহিনীর দুটি হামভি যানে হামলা করে পালিয়ে যায়। তাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি পিকআপও ছিল। তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গত ২৯ ফেব্রুয়ারি করা শান্তিচুক্তির পর এটাই তালেবানদের প্রথম বড় হামলা।