
আন্তর্জাতিক ডেস্কঃ দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদের অধিবেশন ছেড়ে বাংলায় ফিরে এলেন দলের সব সাংসদ। সেই সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুকে তৃণমূলের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে অবিলম্বে অধিবেশন বন্ধ করার আর্জি জানানো হয়েছে। সোমবার থেকে অধিবেশন শুরু হলেও, তৃণমূলের কোনও সাংসদ সেখানে উপস্থিত থাকবেন না। দলনেত্রীর নির্দেশে সমস্ত সাংসদ ফিরে এলেও, এখনও দিল্লিতেই রয়েছেন লোকসভা এবং রাজ্যসভা তৃণমূলের দুই দলনেতা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। তবে দিন কয়েক আগে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংহের সঙ্গে পরিবহণ কমিটির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ডেরেক, যাঁকে সম্প্রতি করোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কপূরের সঙ্গে সম্প্রতি একটি পার্টিতে দেখা গিয়েছিল। সেই কারণে এই মুহূর্তে দিল্লিতেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ডেরেক। গুরুত্বপূর্ণ কাজে দিল্লিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।