
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির সাথে পাল্লা দিয়েই বাড়ছে স্পেনে করোনা ভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত বিশ্বের এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই । এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু স্পেনেই মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এর আগে ইতালিতে একদিনে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইতালির পর ইউরোপের আরেক দেশ স্পেন করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।
বুধবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩ জন। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।